আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইয়ের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে। সেগুলো পাঁচ হাজার বা কিছু সংখ্যা বলা হয়েছে, সংখ্যাটা সঠিক নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। তবে এদের সবাই বাংলাদেশের কিনা, এটা নিশ্চিত না। এখানে পাকিস্তান, মিসর, ফিলিপিনসসহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে। নেপালেরও ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে।
বাতিলের সম্ভাব্য কারণ হিসাবে তিনি বলেন, প্রবাসি বাংলাদেশিরা আমিরাতে কোনও আইন যদি ভঙ্গ করেন, সেটি ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক তখন কিন্তু আইন অনুযায়ী আমিরাত সরকার ব্যবস্থা নেবে। আজকের এই প্রেস ব্রিফিং থেকে একটা বার্তা দিতে চাই দয়া করে আপনারা আইনবহির্ভূত কোনও কাজ করা থেকে বিরত থাকবেন।
তিনি আরও বলেন, ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের যে তালিকা সরকারের কাছে আছে, তাতে ৪১৭ জনের ভিসা অটো বাতিল হয়েছে। এই ভিসা রিনিউয়ালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়য় আবার আরব আমিরাতের সরকারের কাছে পাঠিয়েছে। ভিসাটা রিনিউ করার জন্য যে কেন কী কারণে তাদের অটো ক্যান্সেল হলো এবং একইসঙ্গে যেসব কোম্পানিতে তারা কাজ করছেন, তাদের সাথে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ করছে। এ বিষয়ে ইতিবাচক ফলাফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আই/এ