ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যু, শোকাহত ফুটবল বিশ্ব
১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি প্রায় এক বছর ধরে অসুস্থ থাকার পর মিলানের উপশহরের হিউম্যানিটিস দি রোজ্জানো ক্লিনিকে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব।
শুক্রবার (৩১ জুলাই) এসি মিলান সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে বলা হয়, ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে অশ্রুসিক্ত মিলান। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল খোদাই করা থাকবে, ঠিক যেমন অমর হয়ে আছে তার ঐতিহ্যবাহী ৬ নম্বর জার্সিটি।
ইতালির ত্রাভাগলিয়াতোতে ১৯৬০ সালের ৮ মে জন্মগ্রহন করেন এই লিজেন্ডারি ডিফেন্ডার। ফুসফুসের অপারেশনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। তবে গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে শুরু করে।
২০২৬ সালের ফেব্রুয়ারীতে শীতকালীন অলিম্পিকের আগে সান সিরোতে অলিম্পিক মশাল বহন করার সময় শেষবার বারেসিকে জনসমক্ষে দেখা গিয়েছিল।তিনি মিলানের সম্মানসূচক ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হন।
তার খেলোয়াড় জীবনে তিনি এসি মিলান ও ইতালি উভয়েরই ডিফেন্ডার ও অধিনায়ক হিসেবে দায়ীত্ব পালন করেন। তিনটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সালে অবসরের পর ক্লাবটি তার সম্মানার্থে ৬ নম্বর জার্সিটি স্থায়ীভাবে তুলে রাখে ।
ফ্রাঙ্কো বারেসি ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হিসেবে তিনটি প্রধান মেডেলই (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) জিতেছেন।১৯৮২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালে তৃতীয় হয়েছিল তার দল, চার বছর পর ১৯৯৪ সালে রানার্সআপ দলের সদস্য ছিলেন তিনি।
বারেসি তার বর্ণালী ক্যারিয়ারের পুরোটাই কাটান মিলানে। ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২০ বছর ক্লাবটির জার্সি পরেছিলেন। তিনি আরিগো সাচ্চির মিলানে অপরিহার্য ছিলেন এবং ফাবিও ক্যাপেলোর অধীনেও দলের প্রধান স্তম্ভ ছিলেন।
আর/আই