দেশজুড়ে

চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (০১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইআইডি জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ নম্বর ফ্লাইটে সকাল ৬টা ৫৮ মিনিটে চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাকে শনাক্ত করেন সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

পরে তার দেহ তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্যাকেটসহ উদ্ধারকৃত বস্তুটির ওজন ৪৫৫ গ্রাম পাওয়া গেছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান ঠেকাতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

তথ্যসূত্র: বাসস

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন