বিনোদন

মুক্তির পরই অনলাইনে ফাঁস ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মুক্তির প্রথম সপ্তাহেই অনলাইনে ফাঁস হয়েছে মার্ভেলের বহুল আলোচিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়া সিনেমাটির উচ্চমানের (হাই-রেজুলেশন) পাইরেটেড কপি সরিয়ে নেওয়ার আগেই প্রায় ৫৯ লাখ অ্যাকাউন্টে পৌঁছে যায়।

জানা গেছে, ‘ফ্রেডরিক ব্রায়ান’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে সিনেমাটির অবৈধ কপিটি প্রকাশ করা হয়। পোস্টটি অপসারণের আগে প্রায় ৯ ঘণ্টা অনলাইনে ছিল। এ সময়ের মধ্যে সেটিতে ১ লাখ ৪৩ হাজারের বেশি লাইক এবং প্রায় ১০ হাজার শেয়ার হয়।

শুধু একটি অ্যাকাউন্ট নয়, এক্সের আরও কয়েকটি অ্যাকাউন্টেও ছবিটির পাইরেটেড কপি আপলোড করা হয়েছিল। কপিরাইট অভিযোগ পাওয়ার পর অধিকাংশ পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হলেও নতুন মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমার অবৈধ কপি দ্রুত ছড়িয়ে পড়ায় সবগুলো একসঙ্গে নিয়ন্ত্রণ করা স্টুডিওগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

ঘটনার বিষয়ে ছবিটির পরিবেশক সনি পিকচার্স এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

তবে অনলাইনে পাইরেটেড কপি ছড়িয়ে পড়লেও বক্স অফিসে এর প্রভাব পড়েনি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রিভিউ শো ও আগাম প্রদর্শনী থেকেই ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা চলচ্চিত্র ইতিহাসে প্রিভিউ আয়ের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রিভিউ প্রদর্শনী থেকে প্রায় ৬ কোটি ডলার আয় করেছিল।

চলচ্চিত্রটিতে আবারও স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেনডায়া। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল এবং জ্যাকব ব্যাটালন।

সূত্র: ভ্যারাইটি

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন