ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করে ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের খোঁচা
বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোতে অবস্থিত ইরানের দূতাবাসের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে কূটনৈতিক অঙ্গন ও অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দূতাবাসটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ব্যঙ্গাত্মক কার্টুনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার ভালো বন্ধু!’
প্রকাশিত কার্টুনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কোদাল দিয়ে কবর খুঁড়ছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো একটি কফিন সেই কবরে ঠেলে ফেলছেন।
ইরানের দূতাবাসের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেই পোস্টটি প্রকাশ করা হলেও এর উদ্দেশ্য বা বার্তা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রতীকী ইঙ্গিত হিসেবেই কার্টুনটি প্রকাশ করা হয়েছে।
কূটনৈতিক অঙ্গনে রাষ্ট্রীয় দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট খুব একটা দেখা যায় না। ফলে একটি দেশের সরকারি দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এমন বার্তা প্রকাশকে ঘিরে নতুন করে সংবেদনশীলতা ও উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এদিকে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের মতে, রাষ্ট্রীয় কূটনৈতিক অ্যাকাউন্ট থেকে এ ধরনের বার্তা প্রকাশ কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এসি//