গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল, ভুতুড়ে বিল বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের দরগা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। পাশাপাশি মাসিক ডিমান্ড চার্জ, মিটার চার্জ এবং ভুতুড়ে বিলের কারণে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
এতে আরও বলা হয়, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ায় কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং পরিবহন খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে, ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার।
স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ বিবেচনায় জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন, জনগণের মতামত ছাড়া জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত না নেওয়া, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল এবং ভুতুড়ে বিল বন্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, "জনগণের জীবনমান ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারকে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।"
এ সময় জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ//