থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা, নিহত ৬
থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (০৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে রাজধানী ব্যাংককের উত্তর-পশ্চিমে ননথাবুরি এলাকায় দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। গুলি চালানোর পর সে নিজের দিকে অস্ত্র তাক করে আত্মহত্যার চেষ্টা করে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশে ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্রের মালিকানা তুলনামূলক বেশি, থাইল্যান্ড তাদের অন্যতম। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর অস্ত্রের মালিকানা ও ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে।
২০২২ সালে নং বুয়া লামফু প্রদেশের একটি ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালান। ওই ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই শিশু।
এর পরের বছর ১৪ বছর বয়সী এক কিশোর ব্যাংককের একটি শপিংমলে গুলি চালিয়ে দুজনকে হত্যা করে। ওই ঘটনায় আহত হন আরও পাঁচজন।
গত বছর ব্যাংককের একটি বাজারে ৬১ বছর বয়সী এক ব্যক্তির গুলিতে পাঁচজন নিহত এবং দুজন আহত হন।
এমএ//