শিক্ষা

এসএসসির ফল প্রকাশ কাল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

গেল শনিবার (০৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সব শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

যেভাবে ফল জানা যাবে

মোবাইল ফোনের যেকোনো সিম থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ শুরু হবে ১১ আগস্ট এবং চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন