ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আলী (১৫) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ওই শিক্ষার্থী নিহত হন।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় ওই মাদরাসা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে এ এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাদের দাবি এ এলাকায় আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন এবং মহাসড়কে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এসব বিষয়ে আশ্বাস দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে বলেও জানান তারা।
জানা গেছে, তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও প্রতিদিন এই মহাসড়ক পারাপার হতে হয়।
ওসি মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তারা যেসব দাবি জানিয়েছে তা নিয়ে আমরা সমন্বয় করছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।
আই/এ