জাতীয় রোবোটিক্স উৎসবে চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
নারীদের নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী অ্যাপ ‘Abhoya’ তৈরি করে জাতীয় রোবোটিক্স উৎসব ‘RoboFusion 1.0’-এ চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (UFTB) Educational Technology and Engineering (EdTE) বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (৯ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত এ উৎসবে ৬৫টিরও বেশি দলের মধ্যে সেরা হয় দলটি। টিম অভয়ার সদস্যরা হলেন ওয়ালিউর রহমান, শুভ কুমার আচার্য ও পুনম পাল।
বিজয়ী শিক্ষার্থীরা জানান, জরুরি পরিস্থিতিতে নারীদের দ্রুত সহায়তা প্রদান এবং প্রযুক্তির মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই ‘Abhoya’ অ্যাপের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় দলটি প্রকল্পটির উদ্ভাবনী ধারণা, সামাজিক গুরুত্ব, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব প্রয়োগযোগ্যতা তুলে ধরেন।
৬৫টিরও বেশি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
জাতীয় পর্যায়ের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
আই/এ