শেকৃবিতে শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় যুক্ত শিক্ষকদের খুঁজতে তদন্ত কমিটি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কতিপয় শিক্ষকের বিরুদ্ধে শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় জড়িত থাকার সন্দেহের প্রেক্ষিতে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, গত ০৪ আগস্ট, ২০২৬ তারিখ অনলাইন ভিত্তিক ‘এশিয়া পোস্ট’ নামক পত্রিকায় প্রকাশিত “শেখ হাসিনাকে ফেরাতে ২২ (বাইশ) বিশ্ববিদ্যালয়ের ৪০৪ (চারশত চার) জন শিক্ষকের গোপন তৎপরতা” শীর্ষক সংবাদ বহুলভাবে প্রচারিত হয়। সংবাদে বলা হয় উক্ত ৪০৪ জন শিক্ষক “বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ” নামে এহেন গোপন তৎপরতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত।
উক্ত প্রকাশিত সংবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক উক্ত তৎপরতায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে জড়িত শিক্ষকদের পরিচয়, কার্যক্রম ও দায় নিরূপনের উদ্দেশ্যে শেকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেনকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ইনস্টিটিউট অব সীড টেকনোলজির পরিচালক প্রফেসর ড. নাজনীন সুলতানা, প্রফেসর ড. জামিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা: আশাবুল হক, সহকারী প্রক্টর প্রফেসর ড. আশরাফী হোসেন, রেজিস্ট্রার জনাব মোঃ নজরুল ইসলাম। এছাড়াও সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রক্টর প্রফেসর ড. মোঃ আরফান আলী।
আই/এ