শিক্ষা

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

মঙ্গলবার (১১ আগস্ট) থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে । শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন পদ্ধতি অনুসরণ করেই পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গত ৮ আগস্ট (শনিবার) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের সুযোগ থাকবে। এ-সংক্রান্ত আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে অনুষ্ঠিত হয়েছে, সেসব বিষয়ের উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। নির্ধারিত ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

একবার কোনো বিষয়ের জন্য আবেদন ও ফি পরিশোধ করার পরও চাইলে অতিরিক্ত বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। সেক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে। তবে দ্বিতীয়বার আবেদনের সময় নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে নির্বাচিত কোনো বিষয়ে ভুল হলে সেটি সংশোধনের সুযোগ রয়েছে। অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিতে মুছে ফেলুন অপশনে ক্লিক করে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। একই সঙ্গে জমা দেওয়া ফিও ফেরত পাওয়া যাবে না।

 যেভাবে করবেন পুনর্নিরীক্ষণের আবেদন

ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd)-এ প্রবেশ করতে হবে। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ হলে ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। বিষয় নির্বাচন শেষে ফি প্রদান করুন অপশনে ক্লিক করলে মোট কত টাকা ফি দিতে হবে, তা দেখানো হবে।

এরপর বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আবেদন পোর্টালের হেল্প অপশন থেকে নির্দেশনা পাওয়া যাবে।

ফি পরিশোধ সম্পন্ন হওয়ার পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পন্ন হলেই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শেষ হবে।

ফল প্রকাশ ও পাসের হার

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল সোমবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল ফোন থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠানো যাবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC’ লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে আরেকটি স্পেস দিয়ে ২০২৬ লিখে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, SSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন