জাতীয়

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, নির্দিষ্ট একটি দিন স্কুলশিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ চালু করার পরিকল্পনা রয়েছে।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব সংশয় কাটিয়ে জাদুঘরটি চালু হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

উদ্বোধনের পর জাদুঘর পরিচালনা ও দর্শনার্থী ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা অনেকটাই সমাধান করা হয়েছে। অতিরিক্ত দর্শনার্থীর চাপকেই প্রাথমিকভাবে ব্যবস্থাপনায় তৈরি হওয়া সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

জুলাই স্মৃতি জাদুঘর ঘিরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উদ্বোধনের পর বিপুলসংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করায় শুরুতে জাদুঘরের ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনে ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা হয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আন্দোলনে মানুষের আত্মত্যাগের বিষয়টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই নিয়মিত জাদুঘর পরিদর্শনের এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য সম্পর্কে আরও সরাসরি জানার সুযোগ পাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন