নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
বগুড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী মুহিব হাসান শ্রাবণের (১৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের ফুলবাড়ী-ইছাইদহ ব্রিজের নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দফা তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে সোমবার দুপুরে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে।
জানা যায়, ফুটবল খেলার পর শ্রাবণ ও তার বন্ধুরা মিলে নদীতে গোসল করতে নামে। এ সময় পানিতে তলিয়ে যায় শ্রাবণ বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে বগুড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
পরে বিকেলের দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল তাকে উদ্ধারে নদীতে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। তবে আলো কমে যাওয়ায় উদ্ধার কাজ সেদিনের মতো স্থগিত করতে বাধ্য হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরদিন দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এআর//