আন্তর্জাতিক

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ঢাকায় তিনটি গুরুত্বপূর্ন বৈঠকের পর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন  ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সাক্ষাতে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক কূটনীতিক বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।

ওই কূটনীতিক জানান, হ্যাঁ, আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে।

ঢাকায় তিনটি বৈঠক শেষে সোমবার হাইকমিশনার নয়াদিল্লিতে পৌঁছান; প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠনমূলক আলোচনার অংশ হিসেবেই এই বৈঠকগুলোকে দেখা হচ্ছে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান দীনেশ ত্রিবেদী। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের সাথে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শীমনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং জন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন