রাজনীতি

সরকারের গুরুত্বপূর্ণ পদে বড় পরিবর্তনের আভাস

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারের পাশাপাশি ক্ষমতাসীন বিএনপিতেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নিজে ভোটগ্রহণ পরিচালনা করবেন।

সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে বিএনপির মহাসচিবের পাশাপাশি মন্ত্রিসভার পদ থেকেও পদত্যাগ করতে হবে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সরকার ও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএনপির। সে পর্যন্ত রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে সরকার ও দলের দুই পর্যায়েই দায়িত্বের পুনর্বিন্যাস হতে পারে।

দলের স্থায়ী কমিটির দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি প্রার্থী বাছাই করা হচ্ছে। এসব বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই সবচেয়ে যোগ্য ও আস্থাভাজন মনে করছেন দলের নীতিনির্ধারকেরা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৭ আগস্ট এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন