সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে : বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এত ঋণ করে গেছে যে, একদিন সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে যদি এই সরকার সঠিক পরিকল্পনা না নেয়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিরাজগঞ্জ তার জন্মভূমি এবং এই শহরের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি শহরটিকে একটি সুন্দর ফুলের বাগানের মতো করে সাজাতে চান। এ কাজে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। জনগণের অর্থে পাওয়া বেতনকে হালাল করতে হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে পৌরসভার সামগ্রিক চিত্র বদলে দেওয়া সম্ভব।
শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার পৌরসভায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন বর্জ্যবাহী গাড়ি দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। নাগরিকসেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন রাখা যাবে না। পৌরসভার প্রতিটি নাগরিক সমান এবং প্রত্যেকেই সমান সেবা পাওয়ার অধিকার রাখেন।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। ভবিষ্যতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
আর/আই