জুলাইয়ের চেতনায় বৈষম্য-দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান এমপি শ্যামলের
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কনের মাধ্যমে জুলাইয়ের আন্দোলন ও এর ত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাদের আঁকা ছবিতে জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “জুলাইয়ের চেতনার কারণেই আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। জুলাইয়ের মূল চেতনা হলো বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই চেতনায় বাংলাদেশে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হোক।”

অনুষ্ঠানে সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ তৈমুর বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন। শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরুক এবং ভবিষ্যতে দেশে যেন কোনো ধরনের বৈষম্য তৈরি না হয়, সে বিষয়ে তারা সচেতন হোক—এটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, “আমি প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করি। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখতে চাই।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা ও জেলা বিএনপির সহসভাপতি এবিএম মমিনুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিশু-কিশোররা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আই/এ