দেশজুড়ে

এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। আজ (১৬ আগষ্ট) দুপুরে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলার সময়কার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। শনাক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত মামলায় নাম থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করছে না পুলিশ।

গতকাল সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজার এলাকায়। সেখানে রায়গঞ্জে একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গাড়িতে করে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলায় আয়নুল হক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও তার গাড়ির পেছনের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি লাইভ ভিডিওতে আয়নুল হক হামলার জন্য জামায়াতে ইসলামী ও এনসিপির দিকে অভিযোগের আঙুল তোলেন।

তবে সংসদ সদস্যের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম। তার দাবি, হামলার সময় জামায়াতের নেতা-কর্মীরা অন্য একটি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। তাই তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে হামলার নিন্দা জানান।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরই পুলিশ মামলা নিয়েছে। সংগৃহীত ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় কারা জড়িত ছিল, তা শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন