রাজনীতি

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীরা : রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। তাদের সঙ্গে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হয়েছিলেন। শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক, রিকশাচালক, হোটেলের বাবুর্চি ও গণমাধ্যমকর্মীরাও নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে দুঃশাসনের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ করেছে। এ দেশের মানুষ কখনও দুঃশাসন মেনে নেয়নি। বিভিন্ন সময়ে তারা অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বিশ্বের ফ্যাসিস্টদের সঙ্গে শেখ হাসিনার তুলনা চলে না। অন্য ফ্যাসিস্টদেরও তিনি ছাড়িয়ে গেছেন। ক্ষমতায় থাকার জন্য যারা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে, তা দেশের মানুষ মেনে নেয়নি। বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া সেই প্রতিবাদের ধারা অব্যাহত রেখেছেন। সাহসী নেতৃত্বের মাধ্যমে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, আধিপত্যকামী বিভিন্ন শক্তি খালেদা জিয়ার এই অবস্থান মেনে নেয়নি। এ কারণে তাকে কারাবন্দি করা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সুস্থ অবস্থায় কারাগারে যাওয়া একজন মানুষ হুইলচেয়ারে করে বেরিয়ে এসেছেন। গুম, খুন ও রিমান্ডের নামে নির্যাতনসহ নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন