মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ট্রাম্পের সমর্থন, ধন্যবাদ জানালেন শাহবাজ
ইসলামাবাদ, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি বলেন, নিজেদের দেশ ও বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দেশই গঠনমূলক ভূমিকা পালন করবে। এ সময় ট্রাম্পের সাহসী ও দৃঢ় নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানান।
তিনি বলেন, তিন দেশ শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানোয় তিনি খুবই আনন্দিত। ট্রাম্প এটিকে বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে। পাশাপাশি নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার সক্ষমতাও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আওতায় কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার অঙ্গীকার করা হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের এই উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা ও বিভিন্ন সংঘাত ক্রমেই বাড়ছে।
সূত্র: আল জাজিরা
এসি//