দেশজুড়ে

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার দুই

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাম মুক্তাদীর রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বেও রয়েছেন।

রোববার (১৬ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার এজাহারে নাম থাকা ৮ নম্বর আসামি গোলাম মুক্তাদীরকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আটক করে। একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনের একটি ক্যাফে থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় গাড়িটি ভাঙচুর করা হয়।

ঘটনার পর ওই রাতেই রায়গঞ্জ থানায় মামলা করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান। মামলায় ১৫ জনকে সরাসরি আসামি করা হয়েছেএর বাইরে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় সংসদ সদস্য আয়নুল হক জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপিতাদের পক্ষ থেকে ঘটনার সঠিক কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন