সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মোমেনা আলী বিজ্ঞান স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ বলেন, চলতি বছরে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ১০৯ জন শিক্ষার্থী বিভিন্ন বৃত্তি অর্জন করেছে। উল্লাপাড়াকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে শিক্ষানুরাগী এম. আকবর আলীর অবদান গুরুত্বপূর্ণ। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
তিনি বলেন, জুনিয়র স্কলারশিপের ফলাফলও উল্লাপাড়ার শিক্ষার্থীদের ভালো সাফল্য রয়েছে। এর আগে জেলার মধ্যে সরকারি আকবর আলী কলেজও সাফল্যের স্বাক্ষর রেখেছে। মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে চিকিৎসক, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।
অনুষ্ঠানে মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা এম. আকবর আলী বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর শতভাগ পাসের পাশাপাশি আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী এম. আকবর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। তিনি মোমেনা আলী বিজ্ঞান স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন, উল্লাপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. মোক্তার হোসেন এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা সদস্য মিসেস মোমেনা আলী লায়ন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোমেনা আলী বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মাহিমা মিজান ও নওসিন ফেরদৌস নাজি।
আই/এ