শিক্ষা

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘গত ১১ মাসে আমরা প্রমাণ করেছি, কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। শিক্ষার্থীরাই বলেন যে, আমরা গত ১১ মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর যে কাজ করেছি, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১০৫ বছরেও কেউ করতে পারেনি।’

শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে ‘পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে সাদিক কায়েম বলেন, আমরা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন জরিপ করেছি। এতে ৯৩ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, বর্তমান ডাকসু দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছেন। এছাড়া আমরা ক্যাম্পাসের ভেতর মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোটায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য পড়াশোনা, গবেষণা ও নতুন প্রযুক্তির উদ্ভাবন। সেই লক্ষ্যেই আমরা গত ১১ মাস ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করেছি। 

তরুণ প্রজন্মের বঞ্চনার কথা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, গত ৫৫ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা তরুণ প্রজন্মকে নিয়ে সঠিকভাবে ভাবেননি এবং মেধাবীদের যথাযথ স্বীকৃতি ও সুযোগ দেননি। এই দীর্ঘস্থায়ী ব্যর্থতার কারণেই আমাদের জাতি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। বিদেশে গিয়ে মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, তাই দেশে তাদের মেধার সঠিক মূল্যায়নের সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি।’

অনুষ্ঠানে দুই সেশনে পটুয়াখালী সদর উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চম ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট, স্কুল ব্যাগ ও কলম তুলে দেন অতিথিরা।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন