শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি মাদ্রাসায় ১৫ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গ্রেপ্তার শিক্ষকের নাম মাঞ্জুল হাসান। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২১ আগস্ট) তাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ছাত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদ্রাসার আবাসিক ভবনে শিক্ষক মাঞ্জুল হাসান ও ওই ছাত্র পাশাপাশি কক্ষে থাকতেন। ১৫ জুলাই রাত আড়াইটার দিকে ওই ছাত্র নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় শিক্ষক নিজে অসুস্থ হয়ে পড়েছেন বলে কৌশলে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নেন। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে ওই শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেন শিক্ষক মাঞ্জুল।
পুলিশ আরও জানায়, ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে আবারও ধর্ষণের সুযোগ খুঁজতে থাকেন। লজ্জা ও নির্যাতন সইতে না পেরে গেল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার একটি কক্ষে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ তার অভিভাবককে জানায়। খবর পেয়ে অভিভাবকেরা এলে তারা ছেলের কাছ থেকে ধর্ষণের ঘটনা জানতে পারেন।
শিক্ষার্থীর মা জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছার পর ছেলে আমাদের কাছে পুরো ঘটনাটি কেঁদে কেঁদে বলেছে। শিক্ষকেরা এমন চরিত্রহীন হলে আমরা আমাদের সন্তানদের কীভাবে লেখাপড়া করাব?’
ওসি মো. সামছুল আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় একটি মামলা করেন ওই ছাত্রের বাবা। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আর/আই