বাস চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত
নাটোরে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের বনকুড়ি গ্রামের হাসান আলীর ছেলে অটোভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)।
শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,নিহত দুইজন অটোভ্যানে করে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী তাফসির পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও যাত্রী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসচালক বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চালিয়ে নিয়ে হরিশপুর বাস টার্মিনালে রেখে পালিয়ে যান।
ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।
আই/এ