ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ নেই : রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো, কিংবা রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক নির্ভর করবে।
তিনি বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন- বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।
এর আগে মতবিনিময় সভায় হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আই/এ