দেশজুড়ে

মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে পুলিশের এক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে অবস্থিত ওই পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কর্মকর্তা আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের মিস্ত্রিরা কাজ করছিলেন। ঘটনার সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

আহত ইলেক্ট্রিশিয়ান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মাহমুদুল হাসান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন