২০৩১ সালে জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে : সারজিস
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ২০৩১ সালে জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তথা বিপ্লবের সহযোদ্ধাদের পলিসিতে অংশগ্রহণ থাকে না। তারা মতামত দিতে চান। ইতোমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে, যার মাধ্যমে সাংগঠনিক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। বাংলাদেশের গণহত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে, পরে গেলে ক্ষতি হবে– এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ দলটির কক্সবাজারের নেতাকর্মীরা।
আই/এ