শিক্ষক-দম্পতি ও দুই সন্তান হত্যার রহস্য উন্মোচন
রংপুরে নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।
রোববার (২৩ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ড ঘটানো দুজন সম্পর্কে মামাতো ভাই। বৃহস্পতিবার দিবাগত রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবনের উদ্দেশ্যে প্রবেশ করেন। সেখানে ইয়াবা সেবনের সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলেন। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়।
এসময় শব্দ পেয়ে গণপতির স্ত্রী ছাদে যাওয়ার চেষ্টা করলে তাকেও হত্যা করা হয়। একইভাবে তার মেয়েকেও হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
নিহত পরিবারের ছোট ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম অভিযুক্তদের একজনের ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করত। যার ফলে অভিযুক্তদের চিনে ফেলায় তারা শিশুটিকেও হত্যা করে।
পুলিশ জানায়, হত্যার পর দুজন গোসল করে খেজুর খায়। তারপর ইয়াবা সেবন করে এবং পুরো রাত ওই বাড়িতে কাটায়।
পরদিন শুক্রবার জুমআর নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে দেখাতে বাসার বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রাখেন এবং বাড়িতে থাকা স্বর্ণের গয়নাও নিয়ে যায় তারা।
আর/আই