ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে শেকৃবিতে মানববন্ধন
ময়মনসিংহে দুই ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এম মাহবুবউজ্জামান একাডেমিক ভবনের নিচে আয়োজিত এ মানববন্ধনে এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডীন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত ২১ আগস্ট ময়মনসিংহের ভেটেরিনারি সার্জন ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর পোষা প্রাণীর চিকিৎসাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রতিবাদকারীরা বলেন, প্রাণী চিকিৎসকেরা প্রাণিসেবা, জনস্বাস্থ্য এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন চিকিৎসক হামলার শিকার হলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার জন্য নয়, পুরো চিকিৎসক সমাজের নিরাপদ কর্মপরিবেশের জন্যও উদ্বেগজনক।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলায় সরাসরি জড়িত এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার; অগ্রাধিকার ভিত্তিতে বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত; ময়মনসিংহে কর্মরত ভেটেরিনারি ও মানব চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
মানববন্ধনে অংশ নেওয়া ২১ ব্যাচের এএসভিএম অনুষদের শিক্ষার্থী রায়হান বলেন, “একজন চিকিৎসকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি চিকিৎসকদের পেশাগত নিরাপত্তার জন্যও হুমকি। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
তারা আরও জানান, এ মানববন্ধন তাদের প্রাথমিক প্রতিবাদ কর্মসূচি। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে ময়মনসিংহসহ দেশের অন্যান্য স্থানের চিকিৎসকদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত এবং ভবিষ্যতে চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
আই/এ