পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র্যাবের নিরাপত্তা জোরদার
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব ফোর্সেস। ধর্মীয় এ উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা বা গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় আগাম ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় পর্যায়েও নিরাপত্তা কার্যক্রমে বিভিন্ন পক্ষকে যুক্ত করা হয়েছে। মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাব জানিয়েছে, কোনো স্বার্থান্বেষী বা সন্দেহভাজন গোষ্ঠী যাতে হামলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিতর্কিত ও উসকানিমূলক কর্মকাণ্ডের ওপরও নজর রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক পোস্ট শনাক্তে সাইবার পেট্রোলিং আরও জোরদার করা হয়েছে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র্যাব ফোর্সেস। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এসি//