রাজধানী

৫ হাজারের বেশি ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওয়াসিম নামে ২৪ বছর বয়সী আরও একজনকে আটক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের তথ্যের ভিত্তিতে উত্তরার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্য অনুযায়ী একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পল্লবী থানার এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুই অভিযান ও ফ্ল্যাট থেকে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহিনুর রহমান জানান, এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম ও ওয়াসিমকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ও ওয়াসিম জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।

এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, এএসআই শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি তিনি অবগত।

তিনি আরও জানান, শফিকুল থানায় দায়িত্ব পালনে নিয়মিত ছিলেন না।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন