আন্তর্জাতিক

গ্রিসের ক্রিট উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

গ্রিসের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের কাছে সাগর থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুইটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। সম্প্রতি ক্রিটের আশপাশের সমুদ্র এলাকা থেকে কয়েক শ অভিবাসী উদ্ধারের ধারাবাহিকতায় সর্বশেষ এ উদ্ধার অভিযান চালানো হলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিক কোস্টগার্ডের একজন প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোনের নজরদারিতে ক্রিটের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসীবাহী নৌকা দুটি শনাক্ত করা হয়। পরে দ্রুত অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। বাংলাদেশিদের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও এ দলে রয়েছেন বলে জানিয়েছে গ্রিক কোস্টগার্ড।

প্রথম দিকে গ্রিসের স্থানীয় সংবাদ সংস্থা এএনএ ৮৫ জন অভিবাসী উদ্ধারের খবর জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে গ্রিক কোস্টগার্ডের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে মোট ৭৯ জনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এএনএ জানিয়েছে, দেশটিতে অভিবাসী পৌঁছানোর সামগ্রিক হার আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত গ্রিসে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৬১ হাজার। পরবর্তী এক বছরে সেই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে নেমেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে অভিবাসী আগমনের হার প্রায় ৩১ শতাংশ কমেছে।

অন্যদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে গ্রিস। আশ্রয় আবেদন প্রক্রিয়া আরও কার্যকর ও নিয়ন্ত্রিত করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাইরে স্থায়ী ‘ফেরত পাঠানোর কেন্দ্র’ বা ‘রিটার্ন হাব’ স্থাপনের পরিকল্পনা নিয়েও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি।

এ বিষয়ে জার্মানিসহ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা করছেন গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন