জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭
জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে মিনিবাসটিতে মুহূর্তেই আগুন ধরে যায়।
স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলের হারারে-মাসভিঙ্গো মহাসড়কের চিলভু শহরের কাছে একটি ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশ করা ভিডিও চিত্রে দেখা যায়, অগ্নিকাণ্ডে মিনিবাসটি পুড়ে কেবল একটি কঙ্কালে পরিণত হয়েছে। ঘটনার সময় উভয় বাহনে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।
পুলিশের মুখপাত্র কমিশনার পল ন্যাথি জানান, রাজধানী হারারে থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে মহাসড়কে সংঘর্ষটি ঘটে। স্থানীয় আফ্রিকান খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে মিনিবাসে করে যাচ্ছিলেন। পথিমধ্যে বিদেশ নিবন্ধিত একটি ভারী মালবাহী ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সাথে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৩ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছায়।
বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল সড়ক অবকাঠামো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের এপ্রিলেও দেশটির একটি মহাসড়কে মিনিবাসে আগুন ধরে ১৮ জনের মৃত্যু হয়েছিল। একই মাসে অপর এক দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা ও তার পাঁচ সন্তানের করুণ মৃত্যু হয়।
আর/আই