রাজনীতি

সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আগামী সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সংকট চলছে, সেটি বৈশ্বিক পরিস্থিতির অংশ। তবে সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে নির্ধারিত বাজেটের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মহেশখালীতে থাকা গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি শনাক্ত হয়েছে। সেটি সমাধানের কাজ চলছে। এসব উদ্যোগের মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সুসংগঠিত। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ৩১ দফা, নির্বাচনী ইশতেহার এবং খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে জনগণের সামাজিক সুরক্ষা, গণতন্ত্র, উন্নয়ন ও উৎপাদনের যে অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের কাজ চলছে। ভবিষ্যতে এসব কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

দল ও সরকারের সম্পর্ক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দল ও সরকার পৃথক সত্তা হলেও তারা পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করায় দলের যোগ্য নেতাকর্মীরাই সরকারের বিভিন্ন দায়িত্বে থাকবেন—এটাই স্বাভাবিক।

সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করতে দলের নেতাকর্মীরা কাজ করবেন বলেও জানান রিজভী। তিনি বলেন, দল ও সরকারের ভূমিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন