সাবেক এমপি হাবিবে মিল্লাতের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে অভিযোগ
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগটি দাখিল করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির কর্নেল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় হাবিবে মিল্লাত মুন্নার দাখিল করা হলফনামায় তার প্রকৃত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য প্রতিফলিত হয়নি।
অভিযোগকারীর দাবি, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে তার সম্পদের তথ্য রয়েছে, যার পরিমাণ হলফনামায় দেখানো সম্পদের তুলনায় অনেক বেশি।
এছাড়া সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি অর্থের অনিয়মের মাধ্যমে দেশে-বিদেশে নিজের ও স্ত্রীর নামে সম্পদ গড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগের কথাও উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসেবেও উল্লেখ করা হয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়।
অভিযোগকারীর পক্ষ থেকে হাবিবে মিল্লাত মুন্নার সম্পদ, আয়-ব্যয় ও বিদেশে অর্থ স্থানান্তরের বিষয়গুলো খতিয়ে দেখতে দুদকের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
আর/আই