চিকিৎসাধীন জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
এর আগে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস জানান, গেল কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরা সার্বক্ষণিক নজর রাখছেন।
এমএ//