প্রেমিকাকে কুপিয়ে হত্যা করে প্রেমিকের বিষপান
একসঙ্গে হোটেলে উঠেছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই সম্পর্কের পরিণতি হলো রক্তাক্ত এক ঘটনায়। দিল্লির লাহোরি গেট এলাকার একটি হোটেলে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
পুলিশ জানায়, রাজস্থানের বাসিন্দা ওই যুবক এবং বিহারের বাসিন্দা ওই নারী বুধবার সন্ধ্যায় লাহোরি গেট এলাকার প্রিন্স হোটেলে ওঠেন। রাতের কোনো একসময় কক্ষে ওই নারীকে ছুরি দিয়ে আঘাত করেন যুবকটি। এতে তিনি গুরুতর আহত হন। এরপর নিজেও বিষপান করেন ওই যুবক।
বৃহস্পতিবার সকালে হোটেলের কর্মীরা কক্ষের ভেতরে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।
সূত্র: এনডিটিভি
এসি//