জাতীয়

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ট্রাফিক আইনে দুই মামলা

রাজধানীর ব্যস্ত সড়কে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫।

ট্রাফিক পুলিশ জানায়, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে সার্কিট হাউস সড়ক দিয়ে যাচ্ছিল, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেও ছিলেন বলে জানা গেছে।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতে যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার খবর বৃহস্পতিবার সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন। এমনকি যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সংকেত মেনে চলাচল করছে। সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনায় মামলা হওয়া দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন