আন্তর্জাতিক

নিউইয়র্কের স্কুলে শিক্ষার্থীদের এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক শহরের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল ব্যবস্থায় এআই ব্যবহারের ওপর এটি এখন পর্যন্ত নেওয়া কঠোর পদক্ষেপগুলোর একটি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ ঘোষণা দেন। নতুন নীতির আওতায় শহরের সরকারি বিদ্যালয়গুলোতে ব্যবহৃত প্রায় ৪০টি এআইভিত্তিক শিক্ষামূলক সরঞ্জামের ব্যবহার বন্ধ থাকবে।

মামদানি বলেন, শিক্ষার্থীদের শেখা ও মানসিক বিকাশে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ গুরুত্বপূর্ণ। অন্যদের সঙ্গে কাজ করে দক্ষতা অর্জন, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং নিজের চেষ্টায় কঠিন সমস্যার সমাধান করার সুযোগ শিশুদের প্রয়োজন।

নতুন নিষেধাজ্ঞা অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে কার্যকর হবে। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে। শিক্ষকরা পাঠ পরিকল্পনা, সময়সূচি তৈরি ও প্রশাসনিক বিভিন্ন কাজেও এআই ব্যবহার করতে পারবেন।

গুগল, অ্যানথ্রপিক ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে এআই ব্যবহারে এর আগেও বিধিনিষেধ ছিল। ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পরপরই স্কুল কর্তৃপক্ষ এর ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে শ্রেণিকক্ষে নিয়ন্ত্রিতভাবে এআই ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।

এবারের এক বছরের নিষেধাজ্ঞাকে শিক্ষার্থীদের শেখার সক্ষমতা, এআই ব্যবহারের ঝুঁকি এবং শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ নিয়ে চলমান বিতর্কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন