রাজনীতি

দুর্নীতি, চাঁদাবাজি বরদাশত করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি কিংবা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ১১ দল আজ রাজপথে। জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। দেশে গ্যাস নেই, পানি নেই এসব সংকট নিয়ে কথা বলা যাচ্ছে না। এসব নিয়ে প্রতিবাদ করার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিফাতকে না ছাড়লে পরিস্থিতি ওলটপালট হয়ে যেতে পারে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি  এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের এই শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

এ সময়, উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হয়।

লংমার্চের পথে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন