বৃষ্টি-বজ্রবৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ, ভারী বর্ষণের শঙ্কা
কখনো মেঘের আনাগোনা, আবার কখনো দমকা হাওয়ার সঙ্গে নামতে পারে বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলে এমনই ভেজা আবহাওয়া আরও কয়েক দিন থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোনো কোনো এলাকায় ভারী বর্ষণও হতে পারে। দেশের আট বিভাগেই বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যপ্রদেশ ও এর আশপাশে থাকা সুস্পষ্ট লঘুচাপটি এখনো অবস্থান করছে। তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। একই সঙ্গে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি পর্যায়ে রয়েছে।
এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টির এমন সম্ভাবনা থাকলেও সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই। অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুধু আগামী ২৪ ঘণ্টাই নয়, পরবর্তী পাঁচ দিনেও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এসি//