আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় লরির পেছনে একটি গাড়ির ধাক্কায় আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা সবাই তামিলনাড়ুর দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী। শুক্রবার রাতে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি শনিবার (০৫ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলামের পানামবিক্কুন্নু এলাকায় মহাসড়ক-৬৬-তে দুর্ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা গুরুবায়ুর থেকে কোডুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। পথে মহারাষ্ট্রের নিবন্ধিত একটি লরির পেছনে তাদের গাড়িটি সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় ওই মহাসড়কে নির্মাণকাজ চলছিল। এ কারণে যানবাহনকে বিকল্প পথে চালানো হচ্ছিল এবং সড়কে ব্যারিকেডও দেওয়া ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, লরিটি সড়কের ডান পাশে অবৈধভাবে পার্ক করা ছিল। অন্যদিকে শিক্ষার্থীদের গাড়িটি দ্রুতগতিতে চলছিল। চালক সামনে থাকা ব্যারিকেড দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দিয়ে থাকতে পারেন বলে ধারণা পুলিশের।

সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তবে বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাইপামঙ্গলম থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন