নৌ পুলিশের এএসআইয়ের বেপরোয়া নাচ-গানের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় নৌ পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) অসংলগ্ন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই আব্দুল মান্নানকে নাচতে, গান গাইতে এবং চিৎকার-চেঁচামেচি করতে দেখা গেছে। এ সময় একটি চায়ের দোকানে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান।
তিনি জানান, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রাতে আব্দুল মান্নানকে নিয়ন্ত্রণহীন অবস্থায় দেখা যায়। উপস্থিত লোকজনের সঙ্গে তিনি চিৎকার-চেঁচামেচি করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। এ সময় কয়েকজন তার কর্মকাণ্ড মোবাইল ফোনে ধারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল মান্নানকে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বের করে ছুড়ে ফেলেন এবং ওয়ালেট থেকে টাকা বের করেও ছুড়ে দেন। একই ভিডিওতে এক ব্যক্তিকে চায়ের দোকানে চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ করতেও শোনা যায়।
এদিকে ঘটনার সময় আব্দুল মান্নান মদ্যপ অবস্থায় ছিলেন—এমন অভিযোগও উঠেছে। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আব্দুল মান্নানের বক্তব্যও পাওয়া যায়নি।
ওসি রফিকুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর পর আব্দুল মান্নান এ ধরনের আচরণ করেন। তবে তিনি মদ্যপ ছিলেন—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এসি//