জাতীয়

জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে একটি হোটেলে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)’-এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্কই থাকা উচিত।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত আছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, বাংলাদেশ সেখানে যাবে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন