আন্তর্জাতিক

মার্কিন রণতরী-ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনী বলছে, দুটি যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে গেছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

রোববার (৩০ আগস্ট) ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স মার্কিন যুদ্ধজাহাজ দুটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে ইরানি নৌসীমা ছেড়ে গেছে বলেও দাবি করে তারা।

ইরানি বাহিনী জানায়, ইরানি জাহাজগুলোকে বাধা দেওয়া ও সমুদ্রপথে অবরোধে অংশ নেওয়ার অভিযোগে মার্কিন যুদ্ধজাহাজ দুটিকে লক্ষ্য করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার বিষয়টি স্বীকার করেছে বলেও দাবি করে আইআরজিসি।

তবে সেন্টকমের বক্তব্য ভিন্ন। তারা জানায়, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযানকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে দুই যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

এর আগে শনিবার আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলার দাবি করে। এর প্রতিক্রিয়ায় তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে সেন্টকম।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান অব্যাহত রাখলে আরও “ভয়াবহ” পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

গেল ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলছে। এক পক্ষের হামলার পর অন্য পক্ষের পাল্টা হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন