জাতীয়

হাজিদের ৫ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত সরকারের

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা নিবন্ধিত হাজিদের জন্য হজের ব্যয় থেকে সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক হাজির নিজস্ব ব্যাংক হিসাবে সরাসরি এ অর্থ পাঠানো হবে।

রোববার (০৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।

তিনি জানান, প্রশাসনিক ও ব্যবস্থাপনা ব্যয় পরিশোধের পর যে অর্থ অবশিষ্ট রয়েছে, তা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে।

ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া কম হওয়া এবং সার্ভিস চার্জে সাশ্রয় হওয়ায় হজ প্যাকেজের নির্ধারিত অর্থ থেকে এই উদ্বৃত্ত তৈরি হয়েছে। সাশ্রয় করা অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কোন হাজি কত টাকা ফেরত পাবেন, তা নির্ভর করবে তার হজ প্যাকেজ ও আবাসনের ধরনের ওপর।

হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজে থাকা হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা করে ফেরত পাবেন। একই হোটেলের শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা।

দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের প্রত্যেকে পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে থাকা হাজিরা ফেরত পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে পাবেন।

হজ প্যাকেজ-২-এর অধীনে ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন।

এই হোটেলে দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের জন্য ফেরতের পরিমাণ ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা। আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে থাকা হাজিদের ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত দেওয়া হবে।

৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা করে ফেরত পাবেন।

এ ছাড়া এই আবাসনের তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিদের ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা করে ফেরত দেওয়া হবে। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা পাবেন ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে।

অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থান করা প্রত্যেক হাজিকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। আর ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন