দেশজুড়ে

কুড়িগ্রামে খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগে খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ঘিরে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ শুরু হয়। খবর পেয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কৃষক সেখানে জড়ো হন।

কৃষকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই প্রয়োজনীয় সার পাচ্ছেন না। এ অবস্থায় খোলা বাজারে সার বিক্রির দাবিতে একপর্যায়ে কয়েকজন কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকেও ঘিরে রাখেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে খোলা বাজারে সার বিক্রির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।

পরে উপস্থিত কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষুব্ধ কৃষক বলেন, “সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সার নিতে গিয়ে একটি দিন চলে যায়। এতে শ্রমিকের ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত মজুরি হারাতে হয়। খোলা বাজারে সার বিক্রি করা হলে কৃষকরা সহজেই প্রয়োজনীয় সার কিনতে পারতেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, “সোমবার সোনাহাট ইউনিয়নের চারটি ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। কিন্তু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কৃষক সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে আমাকে ঘিরে ধরেন এবং সড়ক অবরোধ করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খোলা বাজারে সার বিক্রির বিষয়ে সোমবার বিকেলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা আহ্বান করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন