প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। হাতে দেশে ফেরার বিমানের টিকিট থাকলেও শেষ পর্যন্ত আর সেই বিমানে ওঠা হয়নি তাদের।

সোমবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন ওই চার প্রবাসী।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তাদের মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। দুর্ঘটনায় নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত বাকি দুজনের পরিচয় শনাক্তে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে। একই সঙ্গে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এই দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমে এসেছে। শোকের আবহ বিরাজ করছে নিহতদের নিজ এলাকা সিলেটের কানাইঘাটেও।

নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং দুর্ঘটনা-সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন